জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষে অতিরিক্ত নথি দাখিলের আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে তাঁর চিকিৎসা-সংক্রান্ত আবেদন মঞ্জুর করা হয়েছে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল রোববার আবেদন দুটির শুনানি শেষে এ আদেশ দেন।আসামিপক্ষের আইনজীবী তারিকুল ইসলাম গতকাল এই মামলায় আসামিপক্ষে অতিরিক্ত নথি দাখিল ও নিজামীর উন্নত চিকিৎসা-সংক্রান্ত আবেদন দুটির শুনানি করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মীর ইকবাল হোসেন অতিরিক্ত নথি দাখিলের বিরোধিতা করেন।এ মামলায় এ পর্যন্ত রাষ্ট্রপক্ষে ছয়জন সাক্ষ্য দিয়েছেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১২ মে দিন ধার্য রয়েছে।