
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বাড়ায় বাংলাদেশেও তার প্রভাব পড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে বাণিজ্য মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নেওয়ায় ভোজ্যতেলসহ অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন তিনি।
আজ বুধবার জাতীয় সংসদের একাধিক সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
সংসদের মৌখিক ও লিখিত প্রশ্নে গণফোরামের মোকাব্বির খান, আওয়ামী লীগের শফিউল ইসলাম, সামিল উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন, রুস্তম আলী ফরাজী ভোজ্যতেলসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ে প্রশ্ন করেন। মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকারের পদক্ষেপ জানতে চান তাঁরা।
দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে মন্ত্রণালয়ের পদক্ষেপ তুলে ধরে এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারের পদক্ষেপের ফলে ভোজ্যতেলসহ অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রয়েছে। সরকারের পদক্ষেপে পণ্যের মূল্য স্থিতিশীল হতে শুরু করেছে। তিনি বলেন, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে। কোনো পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করার সুযোগ থাকবে না।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, পরিবহন খরচ বৃদ্ধির ফলে আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এতে বাংলাদেশের আমদানি রপ্তানিতে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি। বরং বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির পরিমাণ কিছুটা বৃদ্ধি পেয়েছে। পণ্য পরিবহন ব্যয় বাড়লেও বাংলাদেশে এর নেতিবাচক তেমন কোনো প্রভাব দৃশ্যমান হয়নি।
ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য লুৎফন নেসা খানের প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমজীবী মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। যৌনকর্মীদের শ্রমজীবী মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং তাঁদের ঘণ্টা হিসেবে মজুরি নির্ধারণ করার জন্য সরকারের কোনো পরিকল্পনা আপাতত নেই।