নিরাপত্তার শঙ্কায় জাগৃতি প্রকাশনীর লেখক আহসান কবির গতকাল সোমবার রাতে বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বনানী থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোহবার বিষয়টি নিশ্চিত করেছেন।
জিডির বরাত দিয়ে এসআই সোহরাব বলেন, জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার পর ‘আনসার আল ইসলাম’ নামে একটি সংগঠন টুইটারে ওই হত্যা সংক্রান্ত একটি বিশ্লেষণ তুলে ধরে বার্তা দেয়। ওই বার্তায় বলা হয়, জাগৃতি প্রকাশনী থেকে অভিজিৎ রায় ও আহসান কবিরের বই প্রকাশের কারণে দীপনকে হত্যা করা হয়েছে। ওই বিশ্লেষণ প্রকাশের পর আহসান কবির নিরাপত্তা শঙ্কায় এ জিডি করেছেন।
জাগৃতি প্রকাশনী থেকে আহসান কবিরের ১৬টি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘গণতান্ত্রিক গন্ডার’, ‘আপা ম্যাডাম ও থুথু বাবার দেশে’, ‘নিখোঁজ, নিহত নয়’, ‘তালিকাভুক্ত’ ইত্যাদি।