চট্টগ্রামে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সভা

নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করতে ওসিদের তাগিদ

পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তি করতে নির্ধারিত সময়ের মধ্যে তদন্তকাজ সম্পন্ন ও সাক্ষী হাজির করতে পুলিশ সদস্যদের তাগিদ দিয়েছেন বিচারক।

গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সভায় চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমান এ তাগিদ দেন। সভায় জেলার ১৬টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হোসেন মোহাম্মদ রেজার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ওই সভায় মুখ্য বিচারিক হাকিম বলেন, কিছু ক্ষেত্রে দেখা যায়, থানার ওসিকে আদালতে দাখিল করা নালিশি আবেদন এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণী হিসেবে গণ্য করে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। কিন্তু পক্ষগুলোর মধ্যে আপস কিংবা সাক্ষ্য-প্রমাণের অভাবে ওই নালিশি আবেদনকে এফআইআর হিসেবে গণ্য করা সম্ভব হলো না মর্মে প্রতিবেদন দাখিল করেন ওসি। ওসির এই কাজ আইনবহির্ভূত উল্লেখ করে তা সম্পূর্ণরূপে বর্জনের কড়া নির্দেশ দেন মুখ্য বিচারিক হাকিম।

সভায় মুন্সী মো. মশিয়ার রহমান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নালিশি মামলার প্রতিবেদন দাখিল করে না পুলিশ। মামলাটি খারিজ হয়ে যাওয়ার পর পুলিশ আদালতে প্রতিবেদন জমা দেয়। এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। তিনি আদালতের নির্ধারিত সময়ের মধ্যে নালিশি মামলায় প্রতিবেদন দাখিলের জন্য ওসিদের নির্দেশ দেন।

সভায় মুখ্য বিচারিক হাকিম পুলিশ কর্মকর্তাদের ৫৪ ধারায় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।

চট্টগ্রামের মুখ্য বিচারিক হাকিম মুন্সী মো. মশিয়ার রহমানের সভাপতিত্বে এ সভায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।