
দক্ষতা ও দ্রুততার সঙ্গে মামলার তদন্ত নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য চট্টগ্রাম নগরের ১৬ থানার পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে নিজ সম্মেলনকক্ষে আয়োজিত পুলিশ-ম্যাজিস্ট্রেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম এই নির্দেশ দেন।
সভায় মো. রবিউল আলম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে মামলার তদন্তকাজ শেষ করে প্রতিবেদন দাখিল করতে হবে। যথাসময়ে উপস্থাপন করতে হবে মামলার সাক্ষীও। ফৌজদারি বিচারব্যবস্থায় বিচার প্রশাসন, নির্বাহী প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সব বিভাগ একে অপরের পরিপূরক। মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংশ্লিষ্ট সব বিভাগকে একযোগে কাজ করারও আহ্বান জানান তিনি।
মো. রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) তাহমিনা আফরোজ চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মনীষা মহাজন, চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান, জুয়েল দেব, সারোয়ার জাহান, কাজী শরীফুল ইসলাম, মো. সাদ্দাম হোসেন ও মো. অলি উল্লাহ্।
সভায় উপস্থিত ম্যাজিস্ট্রেটরা মামলার সঙ্গে জব্দতালিকা প্রেরণ, খসড়া মানচিত্রে ঘটনাস্থল সুনির্দিষ্টকরণ, সাক্ষীর ১৬১ ধারার জবানবন্দি লিপিবদ্ধের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং সাক্ষীর পরোয়ানা প্রতিবেদন প্রেরণের ওপর জোর দেন। এ সময় ম্যাজিস্ট্রেটরা যথাসময়ে সাক্ষী উপস্থাপনে পুলিশ বিভাগ ও স্বাস্থ্য বিভাগের ইতিবাচক পদক্ষেপ গ্রহণের ফলে সাক্ষীর উপস্থিতি পূর্বের তুলনায় বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
সভায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষে ডিসি (দক্ষিণ জোন) মোহাম্মদ জসিম উদ্দিন, পিবিআইয়ের (চট্টগ্রাম মেট্রো) পক্ষে পুলিশ সুপার নাইমা সুলতানা, র্যাব-৭–এর পক্ষে স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি আনোয়ার হোসেন এবং সিআইডির পক্ষে পুলিশ পরিদর্শক এ এম ফারুক প্রমুখ।