প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, ‘আমরা চাই, সব দল নির্বাচনে অংশ নেবে। দুঃখজনক হলো, নির্বাচনে অংশ নেওয়ার এই সংস্কৃতি আমাদের রাজনীতিতে এখনো গড়ে ওঠেনি।’গাজীপুর-৪ আসনের ভোট গ্রহণ শেষে প্রাথমিক প্রতিক্রিয়ায় গতকাল রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। তিনি আরও বলেন, একটি বড় বিষয়কে কেন্দ্র করে দুই প্রধান জোটের মধ্যে মতানৈক্য চলছে। এ নিয়ে আলোচনাও চলছে। বিরোধের সমাধান হলে আশা করা যায়, সব দলই নির্বাচনে অংশ নেবে।নির্বাচনে ভোট গ্রহণের হার কম কেন, এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, ভোট গ্রহণের হার কম কেন, সে বিষয়ে এখনই কিছু বলা যাবে না। বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হয়েছে। এ ছাড়া নির্বাচনে আরও একটি দলের অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু তারা অংশ নেয়নি।