চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা সদর আলগীবাজার এলাকায় দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচন স্থগিত করার প্রতিবাদে এ মানববন্ধন করা হয়। এ সময় চাঁদপুর থেকে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের এক সরকারি কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে চাঁদপুর-৩ আসনের সাংসদ সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির গাড়ির গতিরোধ করে সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে এলাকাবাসী। পরে দীপু মনি নির্বাচনের বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিলে অবরোধ সরিয়ে নেওয়া হয়। ৭ সেপ্টেম্বর হাইমচর উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল।