শেরপুর শহরের কসবা নামাপাড়া এলাকায় নিষিদ্ধ পানীয় তৈরির নকল কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ ওই কারখানায় অভিযান চালিয়ে ৮৭০ বোতল নকল পানীয় ‘হর্স’ ও বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ওমর ফারুক (২৬) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে। তিনি শহরের কসবা কাচারিপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে। গতকাল বিকেলে ওমরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে কসবা নামাপাড়া এলাকার রহমান মিয়ার বাসা ভাড়া নিয়ে ওমর ফারুক ও তাঁর তিন সহযোগী লিয়াকত হোসেন, শাহ আলম ও মোয়াজ্জেম হোসেন নিষিদ্ধঘোষিত পানীয় ‘হর্স’ তৈরির নকল কারখানা দেন। তাঁরা কারখানায় ‘ডাবল হর্স ড্রিংকস্’ ও ‘নাইট হর্স পাওয়ার প্লাস’ নামে দুটি পানীয় তৈরি করে শেরপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে ডিবি পুলিশ ওই কারখানায় অভিযান চালায়। এ সময় পুলিশ কারখানা থেকে ৮৭০ বোতল নিষিদ্ধ পানীয় ও কারখানার বিভিন্ন যন্ত্রপাতি জব্দ এবং ওমর ফারুককে গ্রেপ্তার করে। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এসব পানীয় জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এ ঘটনায় ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) লাল মামুদ ওমর ফারুক ও তাঁর তিন সহযোগীর বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি মামলা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওমর ফারুক ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।