পিরোজপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কে এম শহীদুল ইসলামের ওপর সংগঠনের কর্মীরা হামলা চালিয়ে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শহরের সোনালী ব্যাংক সড়কে এ ঘটনা ঘটে। শহীদুল ইসলাম অভিযোগ করেন, গতকাল দুপুরে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান ও জেলা ছাত্রদলের সদস্য ইমরান আহমেদসহ সংগঠনের কয়েকজন কর্মী তাঁর ওপর হামলা চালিয়েছেন।অভিযোগ অস্বীকার করে সাইদুর রহমান বলেন, কলেজ ছাত্রসংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ হয়ে সংগঠনের কিছু কর্মী এ হামলা চালিয়েছেন। এদিকে শহীদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে তাঁর সমর্থকেরা শহরে মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ল ইয়ার্স প্লাজার সামনে এসে শেষ হয়। পরে সেখানে পথসভায় বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম, আতিকুর রহমান প্রমুখ।