
লোকসংস্কৃতির অন্যতম ধারা হলো বাউল গান। নেত্রকোনায় আঞ্চলিক ভাষায় বাউল গানকে বলা হয় বাউলা গান। একসময় বাউলদের প্রচারিত গান মুখে মুখেই প্রচারিত হতো। কেউ কেউ তা বই আকারে প্রকাশ করলেও যথাযথ উদ্যোগের অভাবে অনেক গান হারিয়েও গেছে। এসব গান আর যাতে হারিয়ে না যায় সে জন্য নেত্রকোনার ৫৩ জন বাউল ও সাধকের রচিত প্রায় ২ হাজার বাউল গান সংগ্রহ ও সম্পাদনা করে ‘নেত্রকোণার বাউলা গান’ নামে বই লিখেছেন নেত্রকোনার কেন্দুয়ার বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম।
আজ মঙ্গলবার রাজধানীর বাংলা একাডেমিতে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, এটি কেবল বাউলদের জন্য নয়, বাংলা সাহিত্যের জন্যেও মাইলফলক।
সভাপতির বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা নেত্রকোনায় লোকসংস্কৃতির প্রসঙ্গ টেনে নেত্রকোনার কেন্দুয়ায় ‘লোকসংস্কৃতি জাদুঘর’ করার প্রস্তাব করেন।
বাউল ও সাধকদের লেখা এসব গান সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ জানান সংগ্রাহক ও সম্পাদনাকারী লেখক নুরুল ইসলাম।
প্রকাশনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, নেত্রকোনা-৩ আসনের সাংসদ অসীম কুমার উকিল, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিক, বইটির প্রকাশনা প্রতিষ্ঠান জয়তীর প্রকাশক মাজেদুল হাসান।