মানবতাবিরোধী অপরাধ

নেত্রকোনার দুজনের বিরুদ্ধে চার অভিযোগ

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আরও দুজনের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাঁরা হলেন নেত্রকোনার মো. ওবায়দুল হক ও আতাউর রহমান।
আজ বুধবার তদন্ত সংস্থার ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান বলেন, ওই দুজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে হত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুণ্ঠন। এসব অভিযোগে ১৫ জনকে হত্যা এবং ৪০০-৪৫০ বাড়িঘর লুট ও অগ্নিসংযোগের ঘটনা রয়েছে।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কাছে কাল বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা।
ওবায়দুল হকের বাড়ি নেত্রকোনার আতপাড়ায়। আতাউর রহমানের বাড়ি কেন্দুয়ায়।