নেত্রকোনা পৌর এলাকায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম অমূল্য ঋষি (৫০)। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার মালনী ঋষিপাড়ায়।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, অভ্যন্তরীণ বিষয় নিয়ে পৌর এলাকার ঋষিপাড়া মহল্লার অনুকূল ঠাকুরের ভক্ত ও ইস্কন সম্প্রদায়ের লোকদের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে গত মঙ্গলবার বিকেলে ইসকন পক্ষের রিপন ঋষি, আদেশ ঋষিসহ তাঁদের অনুসারীদের সঙ্গে অনুকূল ঠাকুরের ভক্ত অমূল্য ঋষির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অমূল্য ঋষিকে বেধড়ক মারপিট করলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।