নেত্রকোনায় একদল দুর্বৃত্তের হামলায় একটি ট্রেনের চালক, সুপারভাইজারসহ তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার ট্রেনের ইঞ্জিনের ওপর বসতে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালায়।
আহত তিনজন হলেন নেত্রকোনা-ঢাকা রেলপথে চলাচলকারী ট্রেন মহুয়া এক্সপ্রেসের চালক এনায়েত ধ্রুব, তাঁর সহযোগী এ এল এম জাহাঙ্গীর ও সুপারভাইজার মোফাজ্জল হোসেন। তাঁদের নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রেলওয়ে স্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার কমলাপুর থেকে সকালে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন বেলা আড়াইটার দিকে নেত্রকোনার কোর্ট স্টেশনে পৌঁছে। এ সময় ট্রেনের ইঞ্জিনে চার তরুণ উঠতে গেলে চালক তাঁদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা চালকসহ ট্রেনের কর্মচারীদের ওপর হামলা চালান।