পটুয়াখালীর কলাপাড়ায় নৌকার ওপর ইটবোঝাই ট্রাক উল্টে পড়ায় নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর মো. বেলায়েত হোসেনের (৭০) লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কলাপাড়া-কুয়াকাটা সড়কের শেখ কামাল সেতুর স্প্যানের পাশ থেকে স্থানীয় লোকজন জাল টেনে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেন। বেলায়েেতর বাড়ি কলাপাড়ার সলিমপুর গ্রামে। এ ঘটনায় এখনো সামিয়া, আবদুল হালিম ও নিশাত নামে আরও তিনজন নিখোঁজ রয়েছেন।
গত রোববার সন্ধ্যায় কলাপাড়া-কুয়াকাটা সড়কের কলাপাড়া ফেরিঘাটে ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির সঙ্গে নোঙর করে রাখা যাত্রীবাহী নৌকার ওপর পড়লে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নৌকাটিতে অন্তত ১০০ জন যাত্রী ছিল।