নোয়াখালী শহরের হরিনারায়ণপুর বাজারে গত রোববার রাতে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। রাত ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ সংঘর্ষ হয়। সেলুনের বকেয়া নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়।সেলুনের মালিক মিহির শীল জানান, প্রায় দুই সপ্তাহ আগে পার্শ্ববর্তী গ্রাম রাজাপুরের মিরাজ ও তাঁর দুই বন্ধু দাড়ি কাটিয়ে মজুরির ৬০ টাকার ২০ টাকা বাকি রেখে চলে যায়। দোকানের কর্মচারী সুজন বাকি টাকা চাইলে মিরাজ তাঁকে মারধর করে। এ ঘটনার জের ধরে সুজনের কয়েকজন বন্ধু দু-তিন দিন আগে মিরাজের ওপর হামলা চালায়।রাজাপুরের একরাম, রুবেলসহ কয়েকজন গত রোববার রাত আটটার দিকে সেলুনে এসে তর্ক শুরু করে। এ সময় সেখানে উপস্থিত হরিনারায়ণপুরের ফাহাদ ও কাউছার সুজনের পক্ষ নিয়ে প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালায় একরামরা। এতে হরিনারায়ণপুরবাসী ক্ষিপ্ত হয়ে তাদের মারধর করে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে রাজাপুরের ৫০-৬০ জনের একটি দল অতর্কিতে বাজারে ঢুকে দোকানপাট ভাঙচুর শুরু করে। এ সময় হরিনারায়ণপুরবাসীর সঙ্গে সংঘর্ষ বেধে যায়। পার্শ্ববর্তী সাহাপুর ও পূর্ব মহদুরীপুর এলাকার বাসিন্দারাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দু পক্ষই চাপাতি, রামদা, লাঠিসোঁটা ব্যবহার করে। এতে অন্তত ২০ জন আহত হয়।বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক মকছুদ আলম জানান, হামলা ও ভাঙচুরের প্রতিবাদে তাঁরা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। ব্যবসায়ীদের নিরাপত্তা এবং সন্ত্রাসীদের শাস্তির দাবিতে পুলিশ সুপারের কাছে আবেদন জানানো হয়েছে। সুধারাম থানার ওসি মোশাররফ হোসেন জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় মামলা হয়নি।