পঞ্চগড়ে শিশু জুয়েলের খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ, মানববন্ধন

পঞ্চগড় শহরের পুরানা ক্যাম্প এলাকার তৃতীয় শ্রেণীর ছাত্র জুয়েলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) উদ্যোগে দুপুরে বকুলতলায় অবস্থিত দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে সেটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। এসব কর্মসূচিতে কয়েক শ শিশু ও নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে জেলা জাগপার আহ্বায়ক মুক্তিযোদ্ধা আনছার আলী, সদস্যসচিব মফিদার রহমান, গুলশান আলম প্রধান, শাহরিয়ার বিপ্লব, সামসুজ্জামান, কামরুজ্জামান কুয়েত, বেলাল হোসেন ও নিহত জুয়েলের বাবা আবদুল রহিম বক্তব্য দেন।