তিনটি নাটক মঞ্চস্থ হওয়ার মধ্য দিয়ে বিবর্তন যশোরের তিন দিনের পথনাট্য উৎসব গতকাল রোববার শেষ হয়েছে। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন ভারতের বিশিষ্ট মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা বিপ্লব বন্দ্যোপাধ্যায়। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে তিন দিনের উৎসবে যশোরের সাতটি সংগঠনের কলাকুশলীরা ১০টি নাটক মঞ্চস্থ করেন। শেষ দিনের বিবর্তন নাট্যদল কাজী চপলের রচনা ও বৈদ্যনাথ অধিকারীর নির্দেশনায় পাইচো চোরের কেচ্ছা, নৃত্যবিতান রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সামান্য ক্ষতি’ কবিতা অবলম্বনে নৃত্যনাট্য ক্ষতিপূরণ ও উদীচী যশোর জেলা সংসদ মমতাজউদদীন আহমদের রচনা ও ডি এম শাহিদুজ্জামানের নির্দেশনায় স্বাধীনতার সংগ্রাম নাটক মঞ্চস্থ করে। ‘সামাজিক অসংগতির বিরুদ্ধে নাটক’ স্লোগানে বিবর্তনের ২৫ বছর পূর্তি উপলক্ষে গত শুক্রবার থেকে এ উৎসব শুরু হয়।