
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আমার পদত্যাগের বিষয়ে গণমাধ্যমে যে বক্তব্য এসেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। রাজনৈতিক সুবিধা লাভের জন্য একটি গোষ্ঠী এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।’
আজ রোববার সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এ মন্তব্য করেন।
সৈয়দ আশরাফের পদত্যাগের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলো ডটকমকে বলেন, ‘দলের ঐক্যে ফাটল ও বিভ্রান্তি ছড়াতে এ ধরনের অপপ্রচার চালানো হয়েছে। প্রধানমন্ত্রীকে সৈয়দ আশরাফ কোনো পদত্যাগপত্র দেননি।’ তিনি বলেন, দলের ভেতর ও বাইরের একটি অংশ কর্মীদের মনোবল ভেঙে দিতে এ ধরনের প্রচারণা চালিয়েছে বলেও অভিযোগ করেন।