পদ্মায় পানি বাড়ায় তলিয়ে গেছে ৪০০ একর জমির ধান

ফরিদপুরে পদ্মা নদীর পানি হঠাৎ বেড়ে গেছে। এতে জেলার চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চরকল্যাণপুর, দিয়ারা গোপালপুর ও মির্জাপুর এলাকায় প্রায় ৪০০ একর জমির ধান তলিয়ে গেছে।পানি উন্নয়ন বোর্ড ফরিদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন সরকার জানান, এ পানি বৃদ্ধিকে বন্যা বলা যাবে না। মে মাসে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। গত চার দিনে পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ৫৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন জানান, চরঝাউকান্দা ইউনিয়নে পদ্মা নদীর পানি বেড়ে কৃষক ও ফসলের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণের কাজ চলছে। আগামী দু-এক দিনের মধ্যে ক্ষতির পরিমাণ জানা যাবে।