পদ্মায় বাঁধ দিয়ে মাছ শিকার চলছেই

পদ্মা নদীর রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে বেশ কয়েকটি এলাকায় বাঁশের তৈরি বাঁধ দিয়ে অবৈধভাবে মাছ ধরার কাজ এখনো চলছে। এ নিয়ে বেশ কয়েকবার কয়েকটি সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ করার পরও একটি প্রভাশালী চক্র মাছ ধরছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরধুঞ্চি ও চরবেনিনগর এলাকায় বিশাল আকারের দুটি বাঁশের তৈরি বাঁধ আড়াআড়িভাবে দিয়ে পুরো নদী আটকে রেখে মাছ শিকার করা হচ্ছে। বাঁশের সঙ্গে গুটি, বেড় ও ছোট ছোট ফাঁসের জাল পাতার কারণে এতে ছোট-বড় মাছসহ রেণুও আটকে যাচ্ছে। বাঁধের কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে এবং নৌচলাচল ব্যাহত হচ্ছে। জেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।