তিন বছরের জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) আন্তর্জাতিক পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। চলতি সেপ্টেম্বর মাস থেকে তিনি এ দায়িত্ব পালন করবেন।
গতকাল মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত টিআইয়ের বার্ষিক সদস্য সভায় ইফতেখারুজ্জামানকে এ পদে নির্বাচিত করা হয়। তিনি এর আগে ২০০৮-২০১১ এবং ২০১২-২০১৫ মেয়াদে একই দায়িত্ব পালন করেন। এবার তৃতীয়বারের মতো তাঁকে এ পদে নির্বাচিত করা হলো।
নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ইফতেখারুজ্জামান বলেন, এটি দীর্ঘদিন ধরে টিআইবির দুর্নীতিবিরোধী আন্দোলনের বৈশ্বিক স্বীকৃতি। বিশেষ করে জনগণকে সঙ্গে নিয়ে গবেষণা ও জ্ঞানভিত্তিক প্রচারের ফসল। এর ফলে টিআইবির অভিজ্ঞতাকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরা যাবে।