ওমানে বুলডোজার থেকে পড়ে নিহত চার বাংলাদেশির মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন লক্ষ্মীপুরের কমলনগর থানার চর পরগাছা গ্রামের মোহাম্মদ শাহজাহান, কুমিল্লার মুরাদনগর থানার শিবাস দাস ও নোয়াখালী সদরের আওজবালিয়া গ্রামের মোহাম্মদ সুমন।
এই তিনজনের মরদেহ মাসকাটের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওমানে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) এ কে এম রবিউল ইসলাম।
দূতাবাস সূত্র বলেছে, গত রোববার ইতি এলাকা থেকে মালামাল নেওয়ার কাজে ব্যবহৃত বুলডোজারের সামনে বসে কয়েকজন কর্মস্থলে যাচ্ছিলেন। হঠাৎ করে নিচে পড়ে গিয়ে চারজন বাংলাদেশি নিহত ও ছয়জন আহত হন। নিহত যে তিনজনের পরিচয় পাওয়া গেছে তাঁরা নিয়োগকর্তার কাছ থেকে অন্যত্র গিয়ে কাজ করছিলেন। এ কারণে নিয়োগকর্তা তাঁদের লাশ দেশে পাঠানোর খরচ দিতে চাইছেন না। কিন্তু ওই তিনজনের লাশ দেশে পাঠাতে অন্তত আড়াই লাখ টাকার প্রয়োজন।
এ বিষয়ে জানতে চাইলে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক জাহিদ আনোয়ার প্রথম আলোকে বলেন, ওই তিনজনের মরদেহ দেশে আনার যে খরচ সেটি বোর্ড থেকে দেওয়া হবে।