পরীক্ষক না হয়েও...

পরীক্ষক নন। তবু তিনি পরীক্ষার খাতা মূল্যায়ন করেন। পাবনায় এমন এক শিক্ষকের বাড়িতে ও বিদ্যালয়ের কক্ষে গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের ৫০টি উত্তরপত্রসহ ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে।অভিযানে নেতৃত্ব দানকারী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমাম উদ্দিন কবির জানান, শহরের জুবলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন মোল্লার জন্য বরাদ্দ হওয়া এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের উত্তরপত্র তিনি নিজে মূল্যায়ন না করে স্কুলের শিক্ষক জাহাঙ্গীর আলমকে দিয়ে মূল্যায়ন করান। এ সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত শিক্ষক জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালান। অভিযানে বাড়ির শোয়ার ঘর থেকে ৪৪টি এবং বিদ্যালয়ে তাঁর কক্ষ থেকে আরও ছয়টি খাতা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই শিক্ষককে আসামি করে মামলা হয়েছে।