জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের ভালো আচরণ করার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বুধবার রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুরোধ জানানো হয়। এ ঘটনাকে অসম্মানজনক বলে ক্ষোভ প্রকাশ করেছেন কয়েকজন শিক্ষক।
শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা হয়েছে। পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষার্থীদের একটি উপস্থিতিপত্রে সই করতে হয়। কিন্তু গতকাল গণিত ও পরিসংখ্যান ভবনের তৃতীয় তলার একটি কক্ষে একজন পরীক্ষার্থী সই করেননি। তাঁর সই সংগ্রহের জন্য পরিদর্শনকারী শিক্ষকেরা একাধিকবার পরীক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু কোনো সাড়া পাননি। পরীক্ষার শেষ পর্যায়ে একজন পরীক্ষার্থী বলেন তিনি সই করেননি। এতে পরিদর্শনকারী একজন শিক্ষক ক্ষিপ্ত হয়ে তাঁর সঙ্গে ‘দুর্ব্যবহার’ করেন।
এ ঘটনায় ওই পরীক্ষার্থী উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন। এই প্রেক্ষাপটে রেজিস্ট্রার বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এতে বলা হয়, পরীক্ষা চলাকালে সব পরীক্ষার্থীর সঙ্গে শিক্ষকদের সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতামূলক আচরণের জন্য অনুরোধ জানানো হলো।
এ ধরনের বিজ্ঞপ্তি প্রকাশকে শিক্ষকদের জন্য অসম্মানজনক অভিহিত করে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, এটা অনাকাঙ্ক্ষিত। প্রশাসন ভিন্ন উপায়ে শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করতে পারত। এ বিষয়ে জানতে উপাচার্য ফারজানা ইসলামকে একাধিকবার তাঁর মুঠোফোনে ফোন করলেও তিনি ধরেননি। তবে সহ-উপাচার্য মো. আবুল হোসেন বলেন, শিক্ষকেরা সারা দিন ভর্তি পরীক্ষার জন্য কাজ করছেন। এ সময় অনিচ্ছাকৃতভাবে কিছু বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। তাই শিক্ষকদের মনোযোগ আকর্ষণের জন্য এটা করা হয়েছে।