পশুর চ্যানেলে ডুবে যাওয়া জাহাজটি উদ্ধার হয়নি

মংলা বন্দরের পশুর চ্যানেলে মঙ্গলবার রাতে ডুবে যাওয়া কয়লাবোঝাই জাহাজ এমভি জিয়ারাজ গতকাল বুধবারও উদ্ধার করা যায়নি। এ ঘটনায় সুন্দরবনের জীব-বৈচিত্র্যের ক্ষতির আশঙ্কায় জাহাজের মালিক ও চালকের বিরুদ্ধে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ মামলা করেছে বন বিভাগ।
জাহাজের কয়লা খালাসকারী প্রতিষ্ঠান মেসার্স নুরু অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী এইচ এম দুলাল বলেন, যশোরের নওয়াপাড়ার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স শেখ ব্রাদার্স ইন্দোনেশিয়া থেকে ২৫ হাজার ২৫০ টন কয়লা মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি গাল্বস্টোনে করে মংলা বন্দরে আনে। জাহাজটি নোঙর করে বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকায়। সেখান থেকে ৫১০ টন কয়লা নিয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে রওনা দেয় এমভি জিয়ারাজ। এর ধারণক্ষমতা প্রায় ৬০০ টন। রাত সাড়ে ১০টার দিকে পশুর চ্যানেলের জয়মনি এলাকা পার হওয়ার সময় প্রচণ্ড স্রোতের টানে ডুবোচরে আটকে পড়ে। এইচ এম দুলাল বলেন, স্রোতের তীব্রতায় জাহাজটির তলা ফেটে ডুবে যেতে পারে।
মংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার মো. হাসান বলেন, জাহাজটি মূল চ্যানেলের বাইরে ডুবেছে। এটি উদ্ধারে এখনো কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাহাজে থাকা মাস্টার, ড্রাইভারসহ ১১ জন নাবিক সাঁতরে তীরে উঠতে পেরেছেন।
বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি ক্যাপ্টেন রফিক বলেন, জাহাজটি দ্রুত উদ্ধার করতে না পারলে তা বন্দরের চ্যানেলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।
এদিকে কয়লাবাহী জাহাজ ডুবে যাওয়ায় সুন্দরবনের ক্ষতির আশঙ্কা করছেন পরিবেশবিদেরা। খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান অনুষদের অধ্যাপক আবদুল্লাহ হারুন বলেন, কয়লায় কার্বন রয়েছে। এটি পানিতে যত বেশি সময় থাকবে, তত বেশি পানিতে দ্রবীভূত হওয়ার আশঙ্কা থাকে। আর তাতে জলজ প্রাণী ও নদীর জীব-বৈচিত্র্যের ক্ষতির আশঙ্কা থাকে।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে গতকাল বিকেলে চাঁদপাই স্টেশন কর্মকর্তা মতিয়ার রহমান বাদী হয়ে জাহাজটির চালক বুলু গাজী ও মালিক দিল খানের বিরুদ্ধে মংলা থানায় পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা করেছেন। ঘটনা তদন্তে বন বিভাগের পক্ষ থেকে তাঁকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তাঁরা প্রতিবেদন দেবেন।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান জানান, এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। জাহাজের চালক বুলু গাজীকে আটক করা হয়েছে।