
গণফোরামের প্রার্থী অর্থনীতিবিদ রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিল হয়েছে। তিনি হবিগঞ্জ -১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের প্রয়াত নেতা শাহ এ এম এস কিবরিয়ার ছেলে তিনি।
গতকাল রোববার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই কমিটির সভায় রেজা কিবরিয়ার মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল কবীর মুরাদ। তিনি বলেন, রেজা কিবরিয়া সিটি ব্যাংকের ক্রেডিট কার্ডের বিপরীতে ঋণ পরিশোধ করেননি। তবে ঋণের পরিমাণ কত, তা বলেননি তিনি।
মনোনয়নপত্র বাতিল হওয়ার বিষয়ে রেজা কিবরিয়া গতকাল প্রথম আলোকে বলেন, তিনি সিটি ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়েছেন। প্রতিবছর সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে কার্ডটি নবায়ন করতে হয়। বিদেশে থাকায় এবার নবায়নের চিঠি পাননি। আগামীকালই (আজ সোমবার) তিনি ওই টাকা পরিশোধ করবেন।