পাইকগাছায় গৃহবধূ খুন

খুলনার পাইকগাছায় উপজেলার খড়িয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম করিমন নেছা (৫৫)। তিনি খড়িয়া গ্রামের ফজলুর রহমানের স্ত্রী। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, খড়িয়া গ্রামের ফজলুর রহমান ও তাঁর স্ত্রী করিমন নেছা গতকাল ভোর সাড়ে পাঁচটায় তাঁদের বাড়ির পাশের একটি জমি থেকে বাঁধ কেটে পানি সরিয়ে দেওয়ার খবর শুনে সেখানে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন তাঁদের দুজনকে দা নিয়ে তাড়া দেন। পরে ফজলুর রহমান পালিয়ে যেতে পারলেও করিমন নেছাকে তাঁরা দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। একপর্যায় তাঁর মৃত্যু হয়।