পাচারকালে শিশু উদ্ধার, পাচারকারী গ্রেপ্তার

পাচারের সময় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে একটি শিশুকে উদ্ধার করা হয়েছে। এ সময় শিশু পাচারের অভিযোগে শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের মহাসাগর কুমারকে (৩০) গ্রেপ্তার করা হয়।
উদ্ধার হওয়া শিশুটির নাম মুন্না হোসেন (৬)। সে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুন্দুড়িয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে ও কুন্দুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে বৃহস্পতিবার রাতেই তার মার কাছে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা মতিয়ার রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মহাসাগরকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।