লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে বাংলাদেশিদের একটি ঘর ভাঙচুর করে কয়েকটি ছাগল ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার উপজেলার ধবলগুড়ি সীমান্তে এ ঘটনা ঘটে। তবে বিএসএফ বাংলাদেশের ঢোকার অভিযোগ অস্বীকার করেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী জানান, গতকাল দুপুরে ভারতের কুচবিহার জেলার রানীনগর ৩৫ বিএসএফ ব্যাটালিয়নের লুটেরহাট বিএসএফ ক্যাম্পের ১০-১২ জন সদস্য ৮৭৩ নম্বর মেইন পিলারের অধীন ১৫ নম্বর উপ-পিলারের কাছ দিয়ে বাংলাদেশে ঢোকেন। তাঁরা ১০০ গজ ভেতরে ঢুকে উত্তরপাড়া গ্রামের সিরাজুল মুন্সির বাড়ি ভাঙচুর করেন। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে বিএসএফের সদস্যরা পালিয়ে যান। ভারতে যাওয়ার পথে তাঁরা কয়েকটি ছাগল ধরে নিয়ে যান। খবর পেয়ে রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের ধবলগুড়ি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।