বরগুনার পাথরঘাটা উপজেলার স্থগিত তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ২৩ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ফ্যাক্স বার্তার বরাত দিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মান্নান গতকাল সোমবার দুপুরে এ খবর নিশ্চিত করেছেন। জানা গেছে, পাথরঘাটা উপজেলার চরদুয়ানী, কাঁঠালতলী ও পাথরঘাটা সদর ইউপির নির্বাচন গত ২৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশন গত ২৭ মার্চ দুপুরে এই তিনটি ইউনিয়নে আইনশৃঙ্খলার অবনতি ও ব্যাপক নির্বাচনী সহিংসতার অভিযোগে নির্বাচন স্থগিত করে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল গতকাল সোমবার দুপুরে জানান, সংশ্লিষ্ট এলাকায় নির্বাচনী পরিবেশ ও আইনশৃঙ্খলার উন্নতি হওয়ায় এবং সব প্রার্থী নির্বাচনের দাবিতে একমত হওয়ায় চরদুয়ানী, কাঁঠালতলী ও পাথরঘাটা সদর ইউপিতে ২৩ এপ্রিল ভোট গ্রহণের তারিখ নির্ধারিত হয়েছে।