চাঁদপুর শহরের জোড়পুকুরপাড় এলাকায় গতকাল মঙ্গলবার পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তারা হলো ওই এলাকার মহসিন খানের ছেলে শিবলি খান (১২) ও আবদুল হালিমের ছেলে লাবিব (১৩)। তারা শহরের উদয়ন স্কুলের ছাত্র।এলাকাবাসী জানায়, স্কুল ছুটি শেষে ওই পুকুরে তিন স্কুলছাত্র গোসল করতে নামে। তাদের মধ্যে একজন তীরে উঠে আসে। অপর দুজন শিবলি ও লাবিবকে দীর্ঘ খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।