পারটেক্সের কার্যালয়ে হামলার অভিযোগ, আহত ৪

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাঘিয়া গ্রামে পারটেক্সের স্থানীয় কার্যালয়ে গতকাল রোববার দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন কেয়ারটেকার মোশাররফ হোসেন। হামলাকারীরা কার্যালয়ের ১০টি জানালা ভাঙচুর, গোডাউন থেকে বৈদ্যুতিক তার ও নিত্যব্যবহার্য প্রয়োজনীয় জিনিসপত্র লুটে নেয়।প্রত্যক্ষদর্শীরা জানান, পারটেক্সের স্থাপনা গড়তে বাধাদানকারী ব্যক্তিদের সহযোগী স্থানীয় ৮/১০ জন সেখানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় কেয়ারটেকার মোশাররফ হোসেনের পরিবারের চার সদস্যকে হামলাকারীরা লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। কাপাসিয়া থানার এএসআই শ্রী প্রদীপ জানান, পুলিশের কাছে এখনো এ বিষয়ে কোনো অভিযোগ বা খবর আসেনি।