পারলারে সাজতে গিয়ে অগ্নিদগ্ধ শিল্পীর মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে বিউটি পারলারে সাজতে গিয়ে আগুনে ঝলসে যাওয়া শিল্পী আক্তার (২৩) মারা গেছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, শিল্পীর শরীরের ৫০ ভাগ পুড়ে গিয়েছিল। তবে তাঁর মুখ অক্ষত ছিল। ৭ ডিসেম্বর সন্ধ্যায় কেরানীগঞ্জের শুভাড্ডার পশ্চিমপাড়ার বাসিন্দা শিল্পী আক্তার তাঁর এক ভাতিজার জন্মদিন উপলক্ষে একটি বিউটি পারলারে সাজতে যান। ওই পারলারের বাথরুমে গিয়ে তিনি দেখেন সেখানকার বৈদ্যুতিক বাতি নষ্ট। পরে মোমবাতি নিয়ে সেখানে যান শিল্পী। এ সময় মোমবাতির আগুনে সেখান থেকে নির্গত হওয়া গ্যাস জ্বলে ওঠে। এতে শিল্পী মারাত্মক দগ্ধ হন।