পার্বতীপুরে রেল ইঞ্জিন লাইনচ্যুত, ট্রেন চলাচল ব্যাহত

দিনাজপুরের পার্বতীপুর জংশনে ঠাকুরগাঁওগামী কাঞ্চন মেইল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। রোববার পার্বতীপুর স্টেশনের প্রবেশমুখে।
ছবি: প্রথম আলো

দিনাজপুরের পার্বতীপুর রেলস্টেশনের প্রবেশমুখে ঠাকুরগাঁওগামী কাঞ্চন মেইল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে লেভেল ক্রসিং গেটে ওই দুর্ঘটনা ঘটে। তবে ট্রেনের গতি কম থাকায় যাত্রীদের কেউ হতাহত হয়নি।

রেলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সুইচ কেবিন মাস্টারদের গাফিলতির কারণেই রেল ইঞ্জিনটি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর পার্বতীপুর থেকে রংপুর-লালমনিরহাট-কুড়িগ্রাম মিটারগেজ সেকশনে আন্তনগরসহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পার্বতীপুর লোকোসেড থেকে রিলিফ ট্রেন এনে বেলা একটার দিকে লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করা হলে বেলা দুইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পার্বতীপুর স্টেশনমাস্টার জিয়াউল আহসান জানান, ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুতের ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।