
বাংলাদেশ সরকারি কর্মকমিশনে (পিএসসি) নতুন দুই সদস্য যুক্ত হচ্ছেন। এই দুই নতুন সদস্য কাল মঙ্গলবার শপথ নেবেন।
নতুন দুই সদস্য হলেন সদ্য অবসরে যাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ফয়েজ আহম্মদ ও পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহা পরিদর্শক বিনয় কৃষ্ণ বালা।
পিএসসির দায়িত্বশীল একটি সূত্র প্রথম আলোকে বলেন, পিএসসির দুই সদস্য অবসরে গেছেন। তাঁদের স্থলাভিষিক্ত হচ্ছেন ফয়েজ আহম্মদ ও বিনয় কৃষ্ণ। তাঁরা কাল শপথ নেবেন।
ফয়েজ আহম্মদ ও বিনয় কৃষ্ণ শপথ নিলে পিএসসির সদস্য সংখ্যা ১৪ জন হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদায়ী জ্যেষ্ঠ সচিব ফয়েজ আহম্মদ ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক বিনয় কৃষ্ণ বালাকে সরকার সম্প্রতি পিএসসির সদস্য করে।