পিকআপ-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের দুজন নিহত

সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি: মাহবুবুর রহমান
সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি: মাহবুবুর রহমান

নোয়াখালী সেনবাগ উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুজন নিহত হয়েছেন। আহত চারজন। আজ সোমবার সকালে উপজেলার রাস্তার মাথা নামক স্থানে ফেনী-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের ফিরোজা বেগম (৬০) ও তাঁর ছেলে মো. মোহন (৩৫)। আহত ব্যক্তিদের নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। হতাহত সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।

সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পিকআপভ্যান। ছবি: মাহবুবুর রহমান

নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানান, সেনবাগ উপজেলার সমীর মুন্সীহাট এলাকায় এক আত্মীয়ের বাড়িতে ছেলে, ছেলের বউ ও নাতি নিয়ে দাওয়াতে গিয়েছিলেন ফিরোজা বেগম। সেখান থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ছেলের বউ শিমু ও নাতি মো. নিয়ন (৫) গুরুতর আহত।

মা-ছেলের লাশ বাড়িতে নেওয়ার পর শোকাহত গ্রামবাসীর ভিড়। ছবি: মাহবুবুর রহমান

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইন উদ্দিন আহমদ বলেন, সকাল নয়টার দিকে ফেনীর দিক থেকে আসা বাসাবাড়ির ফার্নিচারবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীতে দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশার চালকসহ ছয়জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বেগমগঞ্জের চৌমুহনী হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান। চারজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছেন।