মাওয়ায় লঞ্চডুবি

পিনাক-৬ লঞ্চের মালিকের ছেলে গ্রেপ্তার

ওমর ফারুক
ওমর ফারুক

মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চের মালিকের ছেলে ওমর ফারুক ওরফে লিমনকে (২৭) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ওমর ফারুক ওই লঞ্চডুবির ঘটনায় করা মামলার ৩ নম্বর আসামি। র্যাব জানিয়েছে, তাঁকে গত বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর খিলক্ষেত থেকে গ্রেপ্তার করা হয়।
পিনাক-৬-এর মালিক আবু বকর সিদ্দিক ওরফে কালুকে গত বুধবার ভোরে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে র্যাব। বৃহস্পতিবার তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
র্যাব গতকাল শুক্রবার জানায়, ওমর ফারুক ওই লঞ্চের মূল তদারককারী। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সর্বশেষ ঢাকায় আত্মগোপন করেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে খিলক্ষেতের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক মুফতি মাহমুদ সাংবাদিকদের জানান, গ্রেপ্তারের পর ওমর ফারুককে মুন্সিগঞ্জের লৌহজং থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
লৌহজং থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, ওমর ফারুককে আগামীকাল (আজ শনিবার) আদালতে হাজির করা হবে।
মাদারীপুরের কাওড়াকান্দি থেকে ৪ আগস্ট দুই শতাধিক যাত্রী নিয়ে মাওয়ায় আসার পথে পিনাক-৬ ডুবে যায়। এ পর্যন্ত ৪৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৬১ জন। লঞ্চটির অবস্থান শনাক্ত করা যায়নি। ১১ আগস্ট লঞ্চ উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়।
এই লঞ্চডুবির ঘটনায় বেপরোয়া যান চলাচল, ভাড়ার জন্য অতিরিক্ত যাত্রী বহন ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে পিনাক-৬-এর মালিক আবু বকর, তাঁর ছেলে ওমর ফারুকসহ ছয়জনের বিরুদ্ধে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের পরিদর্শক জাহাঙ্গীর ভূঁইয়া মামলা করেন।