পিরোজপুর সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) মারা গেছেন। আজ শনিবার ভোরে মারা যাওয়া নারীর বাড়ি পিরোজপুর সদরের একটি গ্রামে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে ওই নারীকে তাঁর স্বজনেরা হাসপাতালে নিয়ে যান। তাঁর জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল। চিকিৎসকেরা করোনাভাইরাসের উপসর্গ দেখে তাঁকে আইসোলেশন ইউনিটে ভর্তি করেন। আজ ভোর সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান। দুপুরে পুলিশ পূজা উদ্যাপন পরিষদের সহযোগিতায় পৌর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করে।
পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, হাসপাতালে ভর্তির পর ওই নারীর নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের করোনা পরীক্ষাগারে পাঠানো হয়। নমুনা পরীক্ষার প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
পিরোজপুর জেলায় এ পর্যন্ত নয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একজন সুস্থ হয়েছেন।