টাঙ্গাইলের ঘাটাইলে গতকাল বুধবার মর্টার শেল বিস্ফোরণে নিহত বিজিবির তিন সদস্যের লাশ পিলখানায় বিজিবির সদর দপ্তরে নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিজিবির সদস্য সিপাহি আবু সুফিয়ান, সিপাহি একরামুল ও ল্যান্স নায়েক মোহাম্মদ আলীর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে।
পরে বিজিবির তিন সদস্যের মৃতদেহ লে. কর্নেল মুজাহিদ গ্রহণ করে পিলখানায় বিজিবির সদর দপ্তরে নিয়ে যান। সেখানে জানাজা হবে।
মর্গের দায়িত্বরত একজন সুমন লাল প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গতকাল দুপুরে ঘাটাইলের মাইধারচালা এলাকায় শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে প্রশিক্ষণ চলাকালে মর্টার শেল বিস্ফোরণে দুই সেনাসদস্য ও বিজিবির তিন সদস্য নিহত হন।