কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় যাত্রীবাহী দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তরুণের নাম জজ মিয়া (২৩)। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে নয়টায় প্রাগপুর-ভেড়ামারা সড়কে এ অভিযান চালানো হয়।
জজ মিয়া নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকার হাবিল খন্দকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অস্ত্র পাচার ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ দাবি করেছে।
দৌলতপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, অস্ত্র পাচারের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আজাদুর রহমান পুলিশ সদস্য নিয়ে কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালান। এ সময় ওই পথে ঢাকাগামী যাত্রীবাহী কোচ জে আর পরিবহন থেকে জজ মিয়াকে আটক করা হয়। তাঁর দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ বলেন, জজ মিয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।