রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুরে পুলিশের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ হয়েছে। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার অঙ্গীকার করলে পুলিশ অভিভাবকদের ছেড়ে দেয়।
বালিয়াকান্দি থানা-পুলিশ সূত্র জানায়, গতকাল নবাবপুর ইউনিয়নে অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল আজিজ পুলিশ সদস্যদের নিয়ে সেখানে যান। এ সময় মেয়ের বয়স কম হওয়ায় অভিভাবকদের ডেকে বিয়ে বন্ধ করতে বলা হয়। না হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালে পরিবারের সদস্যরা বিয়ে বন্ধ করতে রাজি হন।