পূর্ব সুন্দরবনের চার জেলে কারাগারে

বাগেরহাটের পূর্ব সুন্দরবনে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় গতকাল বুধবার চার জেলেকে গ্রেপ্তার করেছেন বনকর্মীরা। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী গ্রামের দুই সহোদর মোস্তফা হাওলাদার ও ফোরকান হাওলাদার এবং খলিল হাওলাদার ও দিলীপ কুলু।বন বিভাগ সূত্র জানায়, পূর্ব সুন্দরবনের চরখালী টহল ফাঁড়ির বনকর্মীরা নিয়মিত টহল দেওয়ার সময় গতকাল ভোর পাঁচটার দিকে অভিযান চালিয়ে পাজরাখালী খাল থেকে ওই চারজনকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁদের কাছ থেকে ‘সিনজেনটা’ নামের এক বোতল কীটনাশক, তিন কেজি বিষাক্ত চিংড়ি মাছ ও একটি নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় বন আইনে মামলা হয়েছে। পরে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা ক্যাশপী বিকাশ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।