ডিএইর প্রকল্প

প্রকল্পের গাড়ি ব্যবহার করেন পরিচালকের স্বজনেরা

  • প্রকল্পে পরিচালক ছাড়া কেউ গাড়ি পাওয়ার যোগ্য নন।

  • উপসচিব হলে কর্মকর্তারা গাড়ি কিনতে বিনা সুদে ঋণ পান। সঙ্গে মাসে ৫০ হাজার টাকা।

প্রকল্পের এ গাড়ি ব্যবহার করেন পরিচালকের স্বজনেরা। গত বুধবার রাজধানীর ফার্মগেটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে

নিরাপদ খাদ্য উৎপাদনের একটি প্রকল্পের গাড়ি ব্যবহার করেন প্রকল্প পরিচালকের স্ত্রী ও স্বজনেরা। একই প্রকল্পের তিনটি গাড়ি তিনজন অতিরিক্ত সচিবকে ব্যবহার করতে দেওয়া হয়েছে, যদিও এ পর্যায়ের কর্মকর্তারা বিনা সুদে গাড়ি কেনার জন্য ঋণ পান। গাড়িগুলোর তেলখরচও দেওয়া হয় প্রকল্পের টাকায়।

ঘটনাটি ঘটেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) ‘নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন ও সংগ্রহোত্তর প্রযুক্তি’ শীর্ষক প্রকল্পে। ২০১৮ থেকে ২০২১ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ব্যয় ২৯ কোটি টাকার কিছু বেশি। পুরো টাকার জোগান দিচ্ছে সরকার।

কৃষি মন্ত্রণালয়ের তিন অতিরিক্ত সচিবকেও ব্যবহার করতে দেওয়া হয়েছে এই প্রকল্পের গাড়ি। তেলখরচও যায় প্রকল্প থেকে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযোগ করেছেন, এই প্রকল্পে মোট গাড়ি আছে ৯টি, যা প্রায় ৩ কোটি টাকায় কেনা হয়েছিল। এর মধ্যে চারটি প্রকল্প পরিচালক মো. শাহীনুল ইসলামের নিয়ন্ত্রণে রয়েছে। তিনটি কৃষি মন্ত্রণালয়ের তিনজন অতিরিক্ত সচিব ব্যবহার করেন। আর দুটি গাড়ি অধিদপ্তরে রয়েছে। পরিচালক নিজে যে চারটি গাড়ি নিয়ন্ত্রণ করেন, এর মধ্যে একটি নিজে ব্যবহার করেন। একটি তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যরা ব্যবহার করেন। দুটি প্রকল্পের অন্য কর্মকর্তা, পরিচালকের বন্ধুবান্ধব ও স্বজনদের ব্যবহার করতে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। যদিও নিয়ম অনুযায়ী শুধু পরিচালক গাড়ি পাওয়ার যোগ্য।

এ প্রকল্পের পরিচালক মো. শাহীনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে থাকা চারটি গাড়ির দুটি রেখে বাকি দুটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিবহন পুলে জমা দিয়ে দেব। কৃষি মন্ত্রণালয়ের কাছে থাকা গাড়িগুলো প্রকল্পের হলেও সরকারি কাজে ব্যবহৃত হচ্ছে। তাই এর তেলখরচ আমাদের প্রকল্প থেকে দেওয়া হয়।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বুধবার এ বিষয়ে শাহীনুল ইসলামের বক্তব্য নেওয়ার পরের দিন তিনি দুটি গাড়ি ফেরত দিয়ে দেন। এর আগে ৪ আগস্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চিঠি দিয়ে প্রকল্পের দুটি গাড়ি পরিবহন পুলে জমা দিতে বলেছিল। এ দুটি জমা হলেও কৃষি মন্ত্রণালয়ের তিন কর্মকর্তার ব্যবহারের জন্য নেওয়া গাড়িগুলো ফেরত আসেনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ প্রথম আলোর কাছে দুটি গাড়ি প্রকল্প থেকে ফেরত নিয়ে নেওয়ার উদ্যোগের কথা জানান। মন্ত্রণালয়ের তিন কর্মকর্তার কাছে থাকা গাড়ি ফেরত নেওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

কোন গাড়ি কে ব্যবহার করেন

সূত্র জানিয়েছে, নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন ও সংগ্রহোত্তর প্রযুক্তি প্রকল্পের গাড়ির মধ্যে ঢাকা মেট্রো-ঠ ১৩-১৩৩০ নম্বরের গাড়িটি ৪৩ লাখ টাকা ব্যয়ে কেনা, যা প্রকল্প পরিচালক নিজে ব্যবহার করেন। আর ঢাকা মেট্রো-ঘ ১৩-৬৩৫৭ নম্বরের গাড়িটি প্রকল্প পরিচালকের স্ত্রী ও পরিবারের সদস্যরা ব্যবহার করেন। যদিও করোনার মধ্যে তাঁদের গাড়ি ব্যবহার কমেছে। এই গাড়ির চালক দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, করোনার আগে প্রকল্প পরিচালক গাড়িটি মাঝেমধ্যে মোহাম্মদপুরের বাসায় পাঠাতেন। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতির পর বেশির ভাগ সময় গাড়িটি অধিদপ্তরে থাকে। মাঝেমধ্যে প্রকল্পের কাজে ও পরিচালকের পরিবারের প্রয়োজনে ব্যবহার করা হয়।

অবশ্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রকল্পের গাড়ি যে-ই ব্যবহার করেন না কেন, সেটি অধিদপ্তরে রাখতে হয়। গাড়ি মূলত প্রকল্প পরিচালকের স্বজনেরাই ব্যবহার করেন। বাকি সময় অধিদপ্তরে থাকে।

সূত্র আরও জানায়, প্রকল্পে ঢাকা মেট্রো-শ ৫৩-৮৫৮৩ নম্বরের একটি মাইক্রোবাস রয়েছে। এটি প্রকল্পের অন্য কর্মকর্তারা ব্যবহার করেন। ঢাকা মেট্রো-ঘ ১৪-১৪১৭ নম্বরের একটি গাড়ি প্রকল্প পরিচালকের বন্ধু ও আত্মীয়রা ব্যবহার করে থাকেন। গতকাল এটি ফেরত নিয়েছে অধিদপ্তর।

প্রকল্পের ঢাকা মেট্রো ঘ-১৩-৬৬৫৯ নম্বরের গাড়িটি ব্যবহার করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত (সার ব্যবস্থাপনা ও উপকরণ অনুবিভাগ) সচিব মো. মাহবুবুল ইসলাম। তাঁকে প্রকল্প পরিচালক নিজেই গাড়িটি ব্যবহার করতে দিয়েছেন বলে জানা গেছে। গাড়িটির চালক বাবুল মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘স্যার সকালে এই গাড়িতে করে অফিসে যান ও বিকেলে বাসায় ফেরেন।’

সরকার উপসচিব থেকে ওপরের স্তরের কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য ৩০ লাখ টাকা বিনা সুদে ঋণ দেয়। এই গাড়ি রক্ষণাবেক্ষণ, তেলখরচ ও চালকের বেতনবাবদ মাসে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়। তারপরও প্রকল্পের গাড়ি কেন ব্যবহার করতে হবে জানতে চাইলে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি গাড়িটি মাঝেমধ্যে ব্যবহার করতেন। তবে কয়েক দিন ধরে আর ব্যবহার করছেন না।

কৃষি মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিব মো. হাসানুজ্জামান কল্লোল ও মো. আবদুর রৌফ এই প্রকল্পের দুটি গাড়ি ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে। সূত্র জানায়, তাঁদের গাড়ি ব্যবহার করতে দেওয়া হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে। হাসানুজ্জামান কল্লোল মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের দায়িত্বে রয়েছেন। এই অনুবিভাগের অধীনেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত হয়। দেখা যাচ্ছে, হাসানুজ্জামান কল্লোল তাঁর অধীন দপ্তরের প্রকল্পের গাড়ি ব্যবহার করছেন। আবদুর রৌফ কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের দায়িত্বে রয়েছেন। এ বিভাগের মাধ্যমে প্রকল্পের পরিকল্পনা করা হয়।

হাসানুজ্জামান কল্লোল প্রথম আলোকে বলেন, তিনি সম্প্রসারণের কাজ দেখেন বলে তাঁকে ঢাকার বাইরে নিয়মিত যেতে হয়। সরকারের ঋণসুবিধার আওতায় তিনি যে গাড়ি কিনেছেন, সেটা ছোট। তাই দূরের যাত্রায় যাওয়া সম্ভব হয় না। তিনি বলেন, ‘আমাকে মাঝেমধ্যে ঢাকার বাইরে সরকারি কাজে যেতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে গাড়ি দেওয়া হয়। সেটা কোন প্রকল্পের গাড়ি, তা জানা নেই।’

অবশ্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রের দাবি, হাসানুজ্জামান কল্লোল গাড়িটি নিয়মিতই ব্যবহার করেন। শুধু তিনি নন, মন্ত্রণালয়ের আরও অনেকে অধীন সংস্থার প্রকল্পের গাড়ি ব্যবহার করেন।

একই বিষয়ে অতিরিক্ত সচিব আবদুর রৌফ প্রথম আলোকে বলেন, সরকারি ঋণের টাকায় কেনা গাড়ি তাঁর পরিবার ব্যবহার করে। গাড়িটি ঋণের বিপরীতে প্রতি মাসে কিস্তি দিতে হয়। তাঁর অফিসে যাতায়াতের জন্য একটি গাড়ি দেওয়া হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে। সেটা কোন প্রকল্পের, তা তাঁর জানা নেই।

অবশ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সরকার বিনা সুদে ঋণ ও মাসে ৫০ হাজার টাকা করে দেয় গাড়ি সরকারি কাজে ব্যবহারের জন্য। অন্য কারও জন্য নয়।

‘এটা সংস্কৃতিতে পরিণত হয়েছে’

দেশে প্রকল্পের আওতায় দামি গাড়ি কেনার প্রবণতা পুরোনো। নিয়ম হলো, প্রকল্প শেষ হলে গাড়িগুলো সরকারের পরিবহন পুলে জমা দিতে হবে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রকল্পের নামে অপ্রয়োজনে গাড়ি কেনা হয় এবং তা ব্যবহার করতে দিয়ে প্রকল্প অনুমোদনের সঙ্গে যুক্ত ও তদারককারী কর্মকর্তাদের খুশি করা হয়।

আরেকটি অভিযোগ হলো, গাড়ি কিনতে সরকারের ঋণসুবিধা ও মাসিক খরচে টাকা পাওয়া কর্মকর্তারা গাড়ি কিনে তা পরিবারকে ব্যবহার করতে দেন। আর নিজে ব্যবহার করেন প্রকল্প থেকে আনা গাড়ি। দায়িত্ব পাওয়ার পরপরই তাঁরা অধীনস্থ সংস্থায় গাড়ির খোঁজ করতে থাকেন।

গাড়ি নিয়ে এমন অনিয়ম রোধে ২০১৮ সালের ১ নভেম্বর, ২০১৯ সালের ৩ নভেম্বর এবং গত বছরের ৮ মার্চ সতর্ক করে মন্ত্রণালয় ও বিভাগগুলোর কাছে চিঠি পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়। গত বছরের ২৩ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনও (দুদক) চিঠি দেয় মন্ত্রিপরিষদ বিভাগকে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ চিঠিতে বলা হয়, নীতিমালার ব্যত্যয় ঘটিয়ে কিছু কিছু কর্মকর্তা সুদমুক্ত ঋণের গাড়ি নিজে ব্যবহার না করে মন্ত্রণালয় ও বিভাগের অধীন অধিদপ্তর, সংস্থা ও উন্নয়ন প্রকল্পের গাড়িতে করে অফিসে যাতায়াত করছেন। কেউ কেউ পারিবারিক কাজেও গাড়ি ব্যবহার করছেন। রক্ষণাবেক্ষণ খরচবাবদ ৫০ হাজার টাকা করে তুলে নিচ্ছেন। এতে সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে।

দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, সরকারি প্রকল্পের টাকা দেওয়া হয় জনগণের করের অর্থ থেকে। আর এ থেকে ব্যক্তিগত অনৈতিক সুবিধা পান প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। দেশে এটা একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে। তিনি বলেন, এ ধরনের অন্যায়ের সঙ্গে যুক্ত প্রত্যেককে তদারকি ও বিচারের আওতায় না আনলে এ ধরনের দুর্নীতি ও অনিয়ম বন্ধ হবে না।