প্রক্সি দিতে এসে কারাগারে গেলেন কলেজছাত্র

পঞ্চগড়ে চাকরির পরীক্ষায় প্রক্সি দিতে এসে মালেদুল ইসলাম নামে এক কলেজছাত্র গ্রেপ্তার হয়েছেন। গতকাল শনিবার সকালে পঞ্চগড় সরকারি বিপি হাইস্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। পুলিশ ও ওই কেন্দ্র সূত্রে জানা গেছে, গতকাল সকালে ওই কেন্দ্রে পঞ্চগড় মুখ্য বিচারিক হাকিম আদালতের বেঞ্চ-সহকারী, এমএলএসএসসহ বিভিন্ন পদে নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বোদা উপজেলার মুসলিমবাগ গ্রামের রেজাউল ইসলাম নামের এক প্রার্থীর প্রক্সি দিতে আসেন একই উপজেলার মন্নাপাড়া গ্রামের মালেদুল ইসলাম। এ সময় মালেদুলকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। মালেদুল বোদা পাথরাজ মহাবিদ্যালয়ের স্নাতক শ্রেণীর ছাত্র। পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। মালেদুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।