প্রজন্ম '৭১

এশিয়া ফাউন্ডেশনে কর্মরত পাকিস্তানি নাগরিক সায়মা আনোয়ার স্থানীয় নির্বাচনী পর্যবেক্ষকদের নিরুৎসাহিত করছেন বলে অভিযোগ করেছে মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১। গতকাল শুক্রবার সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে এশিয়া ফাউন্ডেশনের এ দেশীয় উপপরিচালকের বিরুদ্ধে এ অভিযোগ এনেছে। প্রজন্ম ’৭১-এর সভাপতি শাহীন রেজা নূরের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এশিয়া ফাউন্ডেশনের কর্মকর্তা ও পাকিস্তানি নাগরিক সায়মা আনোয়ারের নেতৃত্বে ও ইলেকশন ওয়ার্কিং গ্রুপের ব্যানারে স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের ব্যাপারে নিরুৎসাহিত করতে এক ঘৃণ্য চক্রান্ত চালানো হচ্ছে। মুক্তিযুদ্ধের সন্তান নামের অন্য একটি সংগঠনও এক বিজ্ঞপ্তিতে সায়মা আনোয়ারের বিরুদ্ধে একই অভিযোগ এনেছে।