প্রণব মুখার্জির সঙ্গে অর্থমন্ত্রীর সাক্ষাৎ

ভারত সফররত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল শনিবার দিল্লিতে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। খবর বাসসের।বৈঠকে মুহিত বাংলাদেশের স্বার্থে আপত্তিকর তালিকা থেকে ৬১টি পণ্যের নাম প্রত্যাহারের অনুরোধ জানান। এর মধ্যে ৪০টি পণ্য বস্ত্র ও তৈরি পোশাক সম্পর্কিত।প্রণব মুখার্জি বলেন, বিষয়টি বিবেচনা করা হবে। তিনি ভারতের দেওয়া ১০০ কোটি মার্কিন ডলারের ঋণ-সহায়তা দ্রুত কাজে লাগাতে বাংলাদেশকে পরামর্শ দেন।মুহিত বলেন, বাংলাদেশ এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশ সরকার দ্রুত দেশের অবকাঠামো উন্নয়নে এই ঋণ কাজে লাগাবে।