ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় দফায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ১৩টি ইউপিতে নির্বাচন হবে ২৩ এপ্রিল। দলীয় প্রতীকে এবারই প্রথম নির্বাচন হলেও প্রতীক নয়, প্রার্থীদের যোগ্যতা, অতীত কর্মকাণ্ড ও প্রয়োজনে যাঁকে কাছে পাবেন, তাঁকেই ভোট দেবেন ভোটাররা।
গত তিন দিন রোয়াইলবাড়ি, পাইকুড়া, মাস্কা, সান্দিকোনা ও গড়াডোবা ইউনিয়নের কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ১৩টি ইউপিতে চেয়ারম্যান পদে ৫১ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৪২৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৩টি ইউপির ১১৭টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার ২ লাখ ৮৭১ জন।
রোয়াইলবাড়ি ইউনিয়নের গামরুলীহরিপুর গ্রামের চা-বিক্রেতা নূরুল ইসলাম (৭০) বলেন, ‘মার্কা দেইখ্যা না। কথা কইলে যিনি দাম দেয় তাঁরেই ভোট দিমু।’
কলেজপড়ুয়া শরীফ (২২) বলেন, ‘এলাকাবাসীর সঙ্গে সম্পৃক্ত এবং মানুষের সুখে-দুঃখে যিনি পাশে থাকেন—এমন ব্যক্তিকেই ভোট দেব।’
পাইকুড়া ইউনিয়নের করিমখাঁগাতি গ্রামের বাসিন্দা মোস্তাফিজুল ইসলাম (৩৮) বলেন, নির্বাচন দলীয়ভাবে হলেও ভোট প্রদানের ক্ষেত্রে প্রার্থীর সততা ও যোগ্যতা প্রাধান্য পাবে।’
মাস্কা ইউনিয়নের মাস্কা গ্রামের আইনজীবী সহকারী মঞ্জুর রহমান (৬২) বলেন, ‘মানুষ এখন অনেক সচেতন। কারও কথায় ভোট দেবেন না। সাধারণ মানুষের সঙ্গে যাঁর সম্পৃক্ততা রয়েছে ও প্রয়োজনে যাঁকে কাছে পাওয়া যায়, তাঁকেই ভোট দেব।’
সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর গ্রামের বাসিন্দা বাউলশিল্পী ইসলাম উদ্দিন (৬০) বলেন, প্রতীক নয়, যিনি যোগ্য ও উত্তম তাঁকেই তিনি ভোট দেবেন। একই ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের বাসিন্দা ইলিয়াস কাঞ্চন (৩৮) বলেন, ‘যিনি এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন তাঁকেই ভোট দিমু।’
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুস সালাম চৌধুরী বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন বদ্ধপরিকর।