
প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট কর্মকর্তা রাকিব হোসেন গতকাল শনিবার রাতে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৩ বছর বয়সে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের।
রাকিব হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ও গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
আজ সকাল ১০টার দিকে ড্রাম ফ্যাক্টরি মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশ নেন। পরে তাঁর লাশ দাফনের জন্য জন্মস্থান গোপালগঞ্জে নেওয়া হয়।
রাকিব হোসেনের মৃত্যুতে আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘রাকিব একজন নিবেদিত ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। তাঁর মৃত্যুতে আমি একজন ঘনিষ্ঠ সহযোগী হারালাম।’