বাংলাদেশে প্রথমবারের মতো প্রবীণদের স্বাস্থ্যরক্ষায় আলাদা বরাদ্দ রাখা হচ্ছে। স্বাস্থ্য খাত প্রকল্পে এই বরাদ্দ রাখা হবে। আজ সোমবার সকালে সিরডাপ মিলনায়তনে জাতীয় প্রবীণ নীতিমালা ২০১৩ বাস্তবায়ন শীর্ষক গোলটেবিল সংলাপে এ কথা জানানো হয়েছে।
ফোরাম ফর দ্য রাইটস অব দ্য এলডারলি বাংলাদেশ এই গোলটেবিল সংলাপের আয়োজন করে। এতে সহায়তা করে জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ। সেখানে বলা হয়, দেশের মোট জনসংখ্যার ৭ দশমিক ৫ শতাংশ প্রবীণ। গড় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেশে প্রবীণ জনগোষ্ঠীও বাড়ছে। তাঁদের স্বাস্থ্য, আবাসন ও অন্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে বড় ধরনের কোনো অগ্রগতি হচ্ছে না।
অনুষ্ঠানে সাংসদ নাজমুল হক প্রধান, সাংসদ আশেক উল্লাহ রফিক, সাংসদ সেলিনা জাহানসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।