প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানো হচ্ছে, ধরিয়ে দিন: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ফাইল ছবি
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ফাইল ছবি

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। যারা এসব করছে, তাদের তিনি পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানান। আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘কয়েকদিন ধরে প্রশ্নপত্র ফাঁস আলোচিত বিষয় হয়ে গেছে। পরিবেশ এমন হয়েছে, মনে হচ্ছে প্রতিদিনই প্রশ্ন ফাঁস হচ্ছে। আসলে গুজব ছড়িয়ে পড়ছে। সুবিধাভোগী কিছু লোক প্রশ্ন বানিয়ে তা বিক্রি করে। এদের চিহ্নিত করতে পারলে ধরিয়ে দেবেন। কারণ, তারা ছেলেমেয়েদের হয়রানি করছে।’

গতকাল বুধবার পদার্থবিজ্ঞান সৃজনশীলের প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে শিক্ষমন্ত্রী বলেন, ‘পরীক্ষার পর প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ তুললে তা প্রমাণ করা কঠিন। তার পরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’ মন্ত্রী বলেন, এর আগে ১০ এপ্রিল ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটির আজ সভা হয়েছে।

এইচএসসি পরীক্ষা
পদার্থের সৃজনশীল প্রশ্নও ফাঁস!